শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশকে দু’টি শর্ত দিল নয়াদিল্লি

প্রায় দু’বছর আগে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার এই সিদ্ধান্তের পেছনে ভারতের সম্মতি রয়েছে। নয়াদিল্লি মনে করছে, বর্তমান পরিস্থিতিতে হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়াই বাস্তবসম্মত। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশ প্রশাসনের কাছে দু’টি প্রধান শর্ত রেখেছে, যার মূল লক্ষ্য হলো হাসিনার নিরাপত্তা ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিশ্চিত করা।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথম শর্ত হলো, শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে নিজস্ব বিমান পাঠাতে হবে, ঠিক যেভাবে তিনি সেনার বিমানে করে ভারতে এসেছিলেন। দ্বিতীয়ত, দেশে ফেরার পর হাসিনা যাতে তাঁর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আইনি আপিল করার সুযোগ পান এবং জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ নিয়ে নতুন করে নিরপেক্ষ বিচার প্রক্রিয়া শুরু হয়, তা নিশ্চিত করতে হবে। ভারতীয় বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের মতে, কোনো বন্ধু রাষ্ট্রনেতাকে সরাসরি বিপদের মুখে ঠেলে দেওয়া ভারতের পক্ষে সম্ভব নয়।
হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক দিল্লি সফর এবং সেনাপ্রধানের সঙ্গে তাঁর বৈঠক এই প্রক্রিয়ারই অংশ বলে মনে করা হচ্ছে। যদিও ভারত ও বাংলাদেশ—উভয় দেশের সরকারই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে সাউথ ব্লকের একটি সূত্রের দাবি, হাসিনা নিজে থেকে ফিরতে চাইলেও বাংলাদেশ সরকার নানা অজুহাতে তা আটকে দিলে, আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থান স্পষ্ট থাকবে।