বিকল্প পাইপলাইনে স্বাভাবিক টালার জল সরবরাহ, পুরনো লাইন নিয়ে ধোঁয়াশা

গত সোমবার টালা রেল সেতুর নিচে জলের পাইপ ফেটে যাওয়ায় উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় তীব্র জলসঙ্কট দেখা দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুরসভা ক্ষতিগ্রস্ত পাইপলাইনের পাশে একটি বিকল্প লাইন বসানোর কাজ শুরু করে। বুধবার থেকে সেই কাজ শুরু হয়ে বৃহস্পতিবার সকালেই শেষ হয়। বর্তমানে সেই বিকল্প পথেই জল সরবরাহ করা হচ্ছে।
পুরসভা সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই শহরের অধিকাংশ এলাকায় জল সরবরাহ প্রায় স্বাভাবিক হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জলের চাপও আগের তুলনায় অনেকটাই বেড়েছে। উত্তর কলকাতার বাসিন্দারা জানিয়েছেন, বুধবার থেকে জল আসতে শুরু করলেও শুক্রবার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে। গত কয়েক দিনের জলকষ্টের পর পরিষেবা স্বাভাবিক হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।
তবে ক্ষতিগ্রস্ত প্রধান পাইপলাইনটি মেরামতি করা হবে নাকি সেটি পুরোপুরি প্রতিস্থাপন করা হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পুরসভা। কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারি জানিয়েছেন, পুরনো লাইনটির ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত বিকল্প পাইপলাইনের মাধ্যমেই জল সরবরাহ অব্যাহত থাকবে বলে পুরকর্মীরা জানিয়েছেন।