জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে উদ্ধার দুই পুলিশ অফিসারের গুলিবিদ্ধ দেহ

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে উদ্ধার দুই পুলিশ অফিসারের গুলিবিদ্ধ দেহ

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ের জঙ্গল থেকে বৃহস্পতিবার দুই স্পেশ্যাল পুলিশ অফিসারের (এসপিও) গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের নাম রসপাল কুমার (৪০) এবং ববি চন্দ (৫৪)। তাঁরা দচ্ছন থানায় কর্মরত ছিলেন। বুধবার বিকেলে সেনার সঙ্গে টহলদারি চালানোর সময় তাঁরা নিখোঁজ হয়ে যান। দচ্ছন-মারওয়া এলাকা থেকে ধেরনায় সেনাচৌকিতে যাওয়ার পথে তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ওই এলাকায় গুলির আওয়াজ শোনা গিয়েছিল। নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কয়েকবার রিং হওয়ার পর ফোন বন্ধ হয়ে যায়। এরপরই রাষ্ট্রীয় রাইফেলস্‌ এবং পুলিশের যৌথবাহিনী রাতভর তল্লাশি অভিযান চালায়। বৃহস্পতিবার ভোরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তাঁদের দেহ উদ্ধার হয়। দেহের পাশ থেকে তাঁদের ব্যবহৃত বন্দুকও পাওয়া গিয়েছে।

এই ঘটনায় জঙ্গি হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান জারি রাখা হয়েছে। উল্লেখ্য, বুধবারই কুলগামে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, যেখানে তিন জওয়ান আহত হন। কিশ্তওয়াড়ের এই ঘটনায় জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *