অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো শহিদবেদি ও লোহার গেট

কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন কাঠামো সরাতে বৃহস্পতিবার দফায় দফায় বুলডোজার অভিযান চালাল কলকাতা পুরসভা। সকালের দিকে বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী শেড ভেঙে ফেলার পর বেলা ১১টা নাগাদ একটি শহিদবেদিও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শহিদবেদিতে থাকা তৃণমূলের প্রতীক সম্বলিত পতাকা সরিয়ে নেওয়ার পর সিমেন্টের বেদি ও লোহার বেষ্টনী ভেঙে ফেলা হয়।
অভিযানের সময় সাংসদের বাড়ির সীমানা প্রাচীরের বাইরে থাকা একটি লোহার গেটও গ্যাস কাটার দিয়ে কেটে সরিয়ে ফেলা হয়। ফুটপাত দখল করে এই গেটটি বসানো হয়েছিল বলে অভিযোগ। এর আগে বুধবার সন্ধ্যা থেকেই ওই এলাকা ঘিরে উত্তেজনা ছিল। তৃণমূলের দাবি, জেড প্লাস নিরাপত্তা থাকার সময় পুলিশের বসার জন্য ওই শেডটি তৈরি করা হয়েছিল। নিরাপত্তা প্রত্যাহারের পর শেডটির আর প্রয়োজন ছিল না এবং তা সরিয়ে ফেলার কাজ শুরুও হয়েছিল।
ফুটপাত দখল করে রাখা নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশও অভিযোগ তুলেছিলেন। পথচারীদের চলাচলে সমস্যার কথা উল্লেখ করে গত কয়েক দিন ধরেই এই এলাকা নিয়ে বিতর্ক চলছিল। বৃহস্পতিবারের এই উচ্ছেদ অভিযানের পর পুরো ফুটপাত পরিষ্কার করে দেওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এই অভিযানকে প্রতিহিংসাপরায়ণ বলে অভিহিত করা হয়েছে।