সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

আফ্রিকার সাহারা মরুভূমির মালিতে ২০২২ সালে একদল অভিযাত্রী গোলাপি রঙের আটটি উল্কাপিণ্ডের টুকরো খুঁজে পান। ‘তেঘাজ়া ০০১’ নামে পরিচিত এই শিলাখণ্ডগুলোর মোট ওজন প্রায় ৭৯৮.৫ গ্রাম। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির জ্যোতির্বিজ্ঞানী ইয়াং লিউয়ের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গিয়েছে, এই উল্কাপিণ্ডটির বয়স অন্তত ৪১০ কোটি বছর। মঙ্গল গ্রহ সৃষ্টির প্রথম ৪০-৫০ কোটি বছরের মধ্যেই এই পাথরটি তৈরি হয়েছিল বলে বিজ্ঞানীদের ধারণা।
গবেষকরা উল্কাপিণ্ডটির মধ্যে জিরকন নামক স্ফটিক খুঁজে পেয়েছেন, যা শিলার গঠনকাল নির্ভুলভাবে নির্ণয়ে সাহায্য করে। বিজ্ঞানীদের মতে, এটি মঙ্গল গ্রহের ম্যান্টল থেকে বেরিয়ে আসা ম্যাগমা থেকে তৈরি হয়েছে। গ্রহটির এমন একটি ভূত্বক থেকে এটি ছিটকে এসেছে, যার নমুনা আগে কখনও পাওয়া যায়নি। মঙ্গলের দক্ষিণ ভাগের উচ্চভূমির ১৩টি সম্ভাব্য এলাকাকে এই উল্কাপিণ্ডের উৎপত্তিস্থল হিসেবে চিহ্নিত করেছেন গবেষকরা।
এই উল্কাপিণ্ডটি মঙ্গল গ্রহের আদিম অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। বর্তমানে মঙ্গল গ্রহ রুক্ষ ও শুষ্ক হলেও, অতীতে সেখানে তরল জলের অস্তিত্ব ছিল। ৪১০ কোটি বছর আগের এই শিলাখণ্ডটি সেই সময়কার পরিবেশ ও জলের উপস্থিতি সম্পর্কে নতুন ধারণা দিতে সক্ষম। বিজ্ঞানীদের মতে, এটি একটি বিরল ও প্রাচীন নমুনা, যা আমাদের প্রতিবেশী গ্রহের হারিয়ে যাওয়া ইতিহাসের রহস্য উন্মোচনে বিশেষ ভূমিকা পালন করবে।