মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে এনভিডিয়ার এআই চিপ কিনল চিনা বিশ্ববিদ্যালয়

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে এনভিডিয়ার এআই চিপ কিনল চিনা বিশ্ববিদ্যালয়

মার্কিন রফতানি-নিষেধাজ্ঞার তালিকায় থাকা চিনের নর্থ-ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি এনভিডিয়ার তৈরি শক্তিশালী এআই চিপ সংগ্রহ করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চিনের সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ এই বিশ্ববিদ্যালয়টি স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গোপনে দু’টি এনভিডিয়া এইচ-২০০ এআই চিপ কিনেছে। শিয়ান শহরের এই বিশ্ববিদ্যালয়টি পিপলস লিবারেশন আর্মির প্রতিরক্ষা গবেষণার সঙ্গে যুক্ত থাকায় ২০০১ সাল থেকেই আমেরিকার কালো তালিকাভুক্ত।

বিশ্ববিদ্যালয়টির ক্রয় সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, গত ২১ অক্টোবর ম্যানেজমেন্ট স্কুলের জন্য প্রায় ১ লক্ষ ২৩ হাজার মার্কিন ডলার মূল্যে এই চিপগুলি কেনা হয়েছিল। নজরদারি এড়াতে শানসি বোসুয়ান নেটওয়ার্ক টেকনোলজি নামক একটি স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এই লেনদেন সম্পন্ন করা হয়। ২০১৯ সালে মার্কিন সরকার এই শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছিল, যা অমান্য করেই এই প্রযুক্তি সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে এনভিডিয়ার চিপের গুরুত্ব অপরিসীম। ওপেনএআই, মেটা বা গুগলের মতো বড় প্রযুক্তি সংস্থাগুলি ছাড়াও মার্কিন প্রতিরক্ষা বিভাগ উপগ্রহ-চিত্র বিশ্লেষণ, ড্রোনের গতিপথ নির্ধারণ এবং সাইবার নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ কাজে এনভিডিয়ার প্রযুক্তির ওপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা কোনো চিনা প্রতিষ্ঠানের কাছে এনভিডিয়ার অত্যাধুনিক চিপ পৌঁছে যাওয়া নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *