জাল আদালতের নির্দেশে ১২৯টি ওয়েবসাইট বন্ধের অভিযোগ, তদন্তে পুলিশ

জাল আদালতের নির্দেশে ১২৯টি ওয়েবসাইট বন্ধের অভিযোগ, তদন্তে পুলিশ

চলতি বছরে বেটিং এবং জুয়া সংক্রান্ত মোট ১২৯টি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছিল ভারত সরকারের টেলিকম বিভাগ। সরকারি নথিতে দাবি করা হয়েছিল, রাজস্থান এবং এলাহাবাদ হাই কোর্টের নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে সংবাদসংস্থা রয়টার্সের সাম্প্রতিক রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে যে, ওয়েবসাইটগুলি বন্ধের জন্য ব্যবহৃত ওই আদালতের নথিগুলি আসলে জাল। সংশ্লিষ্ট হাই কোর্টগুলির অনলাইন নথিপত্রে এমন কোনো নির্দেশের অস্তিত্বই নেই বলে জানা গিয়েছে।

রাজস্থান হাই কোর্টের রেজিস্ট্রার জানিয়েছেন, তাদের নাম সম্বলিত নির্দেশনামাটি ভুয়ো এবং আদালতের সার্ভারে এমন কোনো নির্দেশের রেকর্ড নেই। একইভাবে এলাহাবাদ হাই কোর্টও জানিয়েছে যে, তাদের লোগো ও সিল ব্যবহার করে যে নথি তৈরি করা হয়েছে তা সম্পূর্ণ জাল। এই ঘটনায় আদালত কর্তৃপক্ষের তরফে থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশের সাইবার অপরাধ বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রিপোর্ট অনুযায়ী, গত ১৯ জুলাই এবং ২২ অগস্ট টেলিকম বিভাগের কাছে ইমেলের মাধ্যমে ওই জাল নির্দেশগুলি পাঠানো হয়েছিল। প্রথম ক্ষেত্রে আর্যন চৌধুরী এবং দ্বিতীয় ক্ষেত্রে কার্তিকেয় পান্ডে নামের দুই আইনজীবীর নাম ও স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল। এলাহাবাদ হাই কোর্টের নথিতে বিচারপতি গরিমা প্রসাদের নাম ও স্বাক্ষরও জাল করা হয়েছে। আদালতের নীল সিল ও জাতীয় প্রতীকের ছবি ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে এই নথিগুলি তৈরি করা হয়েছিল। এই জালিয়াতির নেপথ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *