কালীপুজোর রাতে সুখবর, মেট্রো চলবে একদম শেষ রাত অবধি! – বর্তমান বাংলা

কালীপুজোয় বিশেষ পরিষেবা: রাত পর্যন্ত চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি
নিজস্ব প্রতিবেদন: আগামী ৮ই নভেম্বর কালীপুজো উপলক্ষ্যে যাত্রীসাধারণের সুবিধার্থে ব্লু লাইন, গ্রীন লাইন ও ইয়োলো লাইনে মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো হয়েছে। ঠাকুর দেখতে যাওয়া দর্শনার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর-কবি সুভাষ):
কালীপুজোর দিন ব্লু লাইনে মোট ১৫২টি মেট্রো চলবে। এদিন দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায় এবং মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রোও রাত ১১টায় ছেড়ে যাবে। সকালের পরিষেবা শুরু হবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী।
গ্রীন লাইন (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ):
গ্রীন লাইনে সাধারণ দিনের ১১১টির পরিবর্তে মোট ১২৩টি মেট্রো চালানো হবে। সকাল ৮টা থেকে পরিষেবা শুরু হলেও রাতের সময়সীমা বাড়ানো হয়েছে। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ—উভয় প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।
ইয়োলো লাইন (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর):
ইয়োলো লাইনে এদিন মোট ৭৮টি মেট্রো চলবে। সকাল ৯টা ১৮ মিনিটে প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে। রাতের দিকে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায় এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উৎসবের রাতে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই অতিরিক্ত পরিষেবার এই ব্যবস্থা করা হয়েছে।