সাফাই কর্মীদের পা ধুইয়ে অনন্য নজির গড়লেন মন্ত্রী মৌমিতা, জন্মদিনে আবেগী মুহূর্ত! – বর্তমান বাংলা

সাফাই কর্মীদের পা ধুইয়ে অনন্য নজির গড়লেন মন্ত্রী মৌমিতা, জন্মদিনে আবেগী মুহূর্ত! – বর্তমান বাংলা

সাফাই কর্মীদের পা ধুইয়ে সম্মান জানিয়ে জন্মদিন পালন করলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র

বর্ধমান: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে নিজের জন্মদিনে সাফাই কর্মীদের পা ধুইয়ে সম্মান জানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক ও মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। শুক্রবার বর্ধমান শহরের টাউন হলে ৬ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই অভিনব উপায়ে নিজের জন্মদিন পালন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের জন্মদিনে সাফাই কর্মীদের পা ধুইয়ে যে নজির সৃষ্টি করেছিলেন, তা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। সেই আদর্শ থেকেই তিনি বর্ধমান শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা কর্মীদের সম্মান জানানোর সিদ্ধান্ত নেন।

মৌমিতাদেবী বলেন, “সাফাই কর্মীরা প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিরলস পরিশ্রম করেন। অথচ অধিকাংশ ক্ষেত্রে তাঁদের কাজের সঠিক স্বীকৃতি মেলে না। সমাজে তাঁদের অবদানকে যথাযথ মর্যাদা দেওয়ার লক্ষ্যেই আমি আজ তাঁদের পা ধুইয়ে সম্মান জানিয়েছি।” তিনি আরও জানান, বিধায়ক হওয়ার পর থেকেই তিনি সাফাই কর্মীদের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে কাজ করছেন।

মন্ত্রীর কাছ থেকে এমন অপ্রত্যাশিত সম্মান পেয়ে আপ্লুত সাফাই কর্মীরা। পারু মাঝি ও স্বপন কুমার দাস নামে দুই সাফাইকর্মী বলেন, “রোদ-বৃষ্টি উপেক্ষা করে আমরা কাজ করলেও অনেক সময় আমাদের কাজের গুরুত্ব দেওয়া হয় না। মন্ত্রী যেভাবে আমাদের পাশে বসিয়ে মর্যাদা দিলেন, তা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এই সম্মান আমাদের কাজের প্রতি উৎসাহ ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।”

অনুষ্ঠানের আয়োজক সুধীর রঞ্জন সাউ বলেন, শহরের পরিচ্ছন্নতা রক্ষায় সাফাই কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের কাজের সামাজিক স্বীকৃতি তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই পরিবেশ রক্ষা এবং শহরকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন মৌমিতা বিশ্বাস মিশ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *