মাসে ৩০০০ টাকা পাওয়ার সেরা সুযোগ! যুবশক্তি ভরসা কার্ডের আবেদন করবেন কীভাবে? – বর্তমান বাংলা
বর্তমান ডেস্কঃ
আগামী অক্টোবর মাস থেকেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে বহুল প্রতীক্ষিত ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক ও যুবতীরা প্রতি মাসে আর্থিক সহায়তা হিসেবে দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত ভাতা লাভ করবেন। উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা প্রতি মাসে দুই হাজার টাকা এবং স্নাতক ডিগ্রিধারীরা তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। পুরুষ ও মহিলা উভয়েই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সফল হওয়ার পর আগামী নভেম্বর মাস থেকেই ভাতা অ্যাকাউন্টে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই প্রকল্পে আবেদন করার জন্য বেশ কিছু নথিপত্র বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনকারীদের অবশ্যই সাম্প্রতিক রঙিন ছবি, আধার কার্ড (যার সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকা আবশ্যক), ভোটার কার্ড, জন্ম শংসাপত্র এবং মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট জমা দিতে হবে। এ ছাড়াও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্ট বা পাসবুকের বিবরণ এবং একটি সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন। খুব শীঘ্রই এর জন্য একটি নির্দিষ্ট অনলাইন পোর্টাল চালু করা হবে। পাশাপাশি মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এসডিও এবং বিডিও অফিসে গিয়ে অফলাইনেও আবেদন করা যাবে।