অভিষেকের অফিসে দমকলের হানা, খালি করার নির্দেশ ৭ ও ৮ তলা! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
September 5, 202611:00 am
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয় ঘিরে বড়সড় আইনি পদক্ষেপ নিল রাজ্য দমকল বিভাগ। পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং ফায়ার সেফটি সার্টিফিকেট নবীকরণ না করার অভিযোগে ৯, অবনীন্দ্রনাথ ঠাকুর সরণির মূল ভবনের সপ্তম ও অষ্টম তলা এবং বেসমেন্ট অবিলম্বে খালি করার নির্দেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে ভবনের মালিকপক্ষকে ইতিমধ্যে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে মালিক ও ভাড়াটিয়া—উভয় পক্ষকেই তলব করেছিল দমকল। ভাড়াটিয়ারা নির্দিষ্ট সময়ে সমস্ত কাগজপত্র জমা দিলেও, মালিকপক্ষ সেই তলবে সাড়া দেয়নি। নথিপত্র খতিয়ে দেখে দমকল স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সচল রাখার মূল দায়িত্ব পুরোপুরি মালিকপক্ষের।
জানা গিয়েছে, ভবনটির অগ্নি নিরাপত্তা শংসাপত্রের মেয়াদ গত ১০ আগস্ট (২০২৬) শেষ হয়ে গেছে। বারবার তা নবীকরণের তাগাদা দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দমকলের কড়া নির্দেশ, নতুন করে বৈধ ফায়ার সার্টিফিকেট এবং সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা গড়ে না তোলা পর্যন্ত ভবনের সংশ্লিষ্ট অংশগুলি কোনোভাবেই ব্যবহার করা যাবে না।