মাত্র ১০ টাকায় আইসক্রিম! এবার চমক নিয়ে হাজির মুকেশ আম্বানি – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
টেলিকম দুনিয়ায় ঝড় তোলার পর এবার আপনার ফ্রিজে রাজত্ব করতে আসছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স। সাধারণ মানুষের হাতের নাগালে উন্নত মানের আইসক্রিম পৌঁছে দিতে ‘রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস’ বাজারে নিয়ে এল তাদের নতুন ব্র্যান্ড ‘বোম্বে ক্রিমারি’ (Bombay Creamery)। ঠিক যেমন ক্যাম্পা কোলা এনে পানীয় বাজারে সস্তা বিপ্লব ঘটিয়েছিল, তেমনই এবার মাত্র ১০ টাকা থেকে শুরু হচ্ছে এই খাঁটি ডেইরি ক্রিমের আইসক্রিমের দাম।
প্রাথমিকভাবে পশ্চিম ভারতে এই ব্র্যান্ডের যাত্রা শুরু হলেও, খুব দ্রুতই তা ছড়িয়ে পড়বে দেশজুড়ে। আম্বানির এই নতুন পদক্ষেপ প্রকাশ্যে আসতেই কাঁপন ধরেছে প্রতিযোগী কো ম্পা নিগুলির মধ্যে। রিলায়েন্সের এই এন্ট্রির খবরে ইতিমধ্যেই শেয়ার বাজারে ধস নেমেছে নামী আইসক্রিম ব্র্যান্ড ‘কোয়ালিটি ওয়ালস’-এর।
বিশেষজ্ঞদের মতে, দেশের আইসক্রিম বাজারের ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে এবং নিজেদের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে রিলায়েন্স পুরনো ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে। ক্যাম্পা কোলার মতো আম্বানির এই নতুন মাস্টারস্ট্রোক সফল হলে, দেশের এফএমসিজি (FMCG) সেক্টরে এক নতুন ইতিহাস তৈরি হবে।