নেপালের ধ্বংসলীলার মাঝেও অলৌকিকভাবে টিকে থাকা সেই সবুজ বাড়ি! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
প্রকৃতির এক চরম ও প্রলয়ঙ্করী তাণ্ডবের মুখে সম্প্রতি ধূলিসাৎ হয়ে গিয়েছে নেপালের এক বিস্তীর্ণ এলাকা। কাদা আর কুচকুচে কালো জলের রাক্ষুসে স্রোত মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিয়েছে একের পর এক বহুতল, বাড়িঘর ও যানবাহন। চারপাশের এই ভয়ঙ্কর ধ্বংসস্তূপের মাঝেও সবাইকে তাক লাগিয়ে এক আসাম্ভব অলৌকিক ঘটনার সাক্ষী থাকল নেপাল—সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে একদম অক্ষত ও অবিকৃতভাবে দাঁড়িয়ে রয়েছে একটি সবুজ রঙের বাড়ি।
সেই হাড়হিম করা অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বাড়ির মালিক লক্ষ্মী পান্ডে বলেন, হড়পা বানের পূর্বাভাস পাওয়া মাত্রই তিনি তাঁর বৃদ্ধা শাশুড়ি ও মেয়েকে বাঁচাতে দ্রুত বাড়ি ছুটে আসেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আকস্মিক বান ঘরে ঢুকে পড়লে তাঁরা কোনমতে দোতলায় উঠে প্রাণ রক্ষা করেন। চোখের সামনেই গোটা এলাকা তছনছ হয়ে গেলেও তাঁদের বাড়িটির গায়ে বিন্দুমাত্র আঁচ লাগেনি। এই পরিবারের কাছে ঘটনাটি অলৌকিক এবং দ্বিতীয় জীবন পাওয়ার মতোই অনুভূতি। কারণ, ২০১৫ সালের সেই বিধ্বংসী ভূমিকম্পের চরম বিপর্যয়ের হাত থেকেও অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল এই পরিবার ও তাঁদের আস্তানা।
এই আকস্মিক বন্যায় এলাকার অধিকাংশ ঘরবাড়ি ও দোকানপাট সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। চারদিকে কাদামাটি সরিয়ে জোরকদমে উদ্ধারকাজ চলায় দেখা দিয়েছে চরম খাদ্য ও রসদের সংকট। সর্বস্ব হারানোর এই কঠিন লড়াইয়ের মাঝেও, কীভাবে এবং কোন অলৌকিক শক্তিতে এই সবুজ বাড়িটি একের পর এক প্রলয় সহ্য করে আজও মাথা তুলে দাঁড়িয়ে রইল, তা নিয়েই এখন দেশজুড়ে ব্যাপক চর্চা চলছে।