দুর্গাপুরে বড় চমক, এক ধাক্কায় বাড়ল ১০টি ওয়ার্ড! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
কলকাতা ও হাওড়ার পর এবার দুর্গাপুর নগর নিগমেও ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত ৩১ আগস্ট পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, দুর্গাপুরের বর্তমান ওয়ার্ড সংখ্যা ৪৩ থেকে বাড়িয়ে ৫৩টি করা হয়েছে। জনসংখ্যা, জনঘনত্ব, ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব এবং আর্থিক দিক বিবেচনা করেই এই পুনর্বিন্যাস করা হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক কাজকর্মে গতি আসবে বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে ভোট না হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগে দুর্গাপুর নগর নিগমকে সম্প্রসারিত করার কথা জানিয়েছিলেন। নতুন ওয়ার্ড গঠিত হওয়ায় সাধারণ মানুষের দগোড়ায় দ্রুত পরিষেবা পৌঁছানো সম্ভব হবে বলে মত স্থানীয় বিধায়কের। ইতিমধ্যে এই নির্দেশিকার প্রতিলিপি রাজ্য নির্বাচন কমিশন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এবং দুর্গাপুর নগর নিগমের কমিশনারের দপ্তরে পাঠানো হয়েছে। আসন্ন পুরভোটের আগে এই প্রশাসনিক রদবদলকে ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে।