লিপস অ্যান্ড বাউন্স তদন্তে কেন এই ঢিলেমি! ইডি-সিবিআইকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
‘লিপস অ্যান্ড বাউন্স’ মামলার তদন্তে গতিহীনতা ও কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের মামলার শুনানিতে ইডি ও সিবিআই-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলল প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।
শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, একটি রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩০ কোটি টাকা ‘লিপস অ্যান্ড বাউন্স’-এর মতো একটি সংস্থায় স্থানান্তরিত হয়েছে। তবে এই যুক্তির পরেই তীব্র প্রতিক্রিয়া জানান বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি স্পষ্ট জানান, এই মামলায় তদন্তকারী সংস্থার চরম গড়িমসি চোখে পড়ছে। কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশ সত্ত্বেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়ে এজেন্সির সদিচ্ছার অভাব দেখা গেছে। তদন্তের গতি কখনো অস্বাভাবিক ধীর, আবার কখনো অতি-সক্রিয়— যা কাম্য নয়। তদন্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার কড়া বার্তা দেয় আদালত।
অন্যদিকে, সুমিত রায়ের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতে জানান, তাঁর মক্কেলকে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ করা হলেও মূল অভিযোগ সম্পর্কিত কোনো প্রশ্নই করা হয়নি। এই দাবির বিরোধিতা করে কেন্দ্র জানায়, প্রয়োজনীয় সমস্ত প্রশ্নই করা হয়েছে এবং ১০ লক্ষ টাকা লেনদেনের তথ্য মিলেছে, যা হিমশৈলের চূড়ামাত্র। ২ কোটি টাকার অন্য একটি লেনদেনের তথ্যও সামনে আনা হয়।
উভয় পক্ষের সওয়াল-জবাব শেষে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসাবাদের পুরো ট্রান্সক্রিপ্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী সোমবারে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।