মাঠ দখল করে অবৈধ নির্মাণ, অভিষেকের ‘সেবাশ্রয়’ ভাঙতে হাইকোর্টে মামলা! – বর্তমান বাংলা

মাঠ দখল করে অবৈধ নির্মাণ, অভিষেকের ‘সেবাশ্রয়’ ভাঙতে হাইকোর্টে মামলা! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

ফুটবল-ক্রিকেট মাঠ দখল করে বেআইনিভাবে কাঠামো তৈরির অভিযোগে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হলো। ফলতা নিবাসী আমিনুদ্দিন খান নামে এক ব্যক্তি এই মামলা দায়ের করেছেন। ফলতা বিডিও অফিসের পাশের একটি খেলার মাঠ দখল করে এই অস্থায়ী নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ। মামলার অনুমতি দিয়েছে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এবং চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

২০২৫ সালের জানুয়ারি মাসে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে এই সেবাশ্রয় চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে নির্মিত এই প্রকল্পের সবচেয়ে বড় পরিকাঠামোটি ফলতাতেই তৈরি হয়েছিল। তবে বিধানসভা ভোটের আগে গড়া এই নির্মাণগুলির জেরে এলাকার খেলার মাঠ নষ্ট হওয়ায় নিয়মিত ক্রিকেট, ফুটবল বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান বন্ধ রয়েছে বলে অভিযোগ তুলেছেন মামলাকারী। স্থানীয়দের এই সমস্যার কথা মাথায় রেখে অবিলম্বে ওই অবৈধ কাঠামো ভাঙার জোরালো দাবি জানানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই মামলার জল কতদূর গড়ায়, এখন সেদিকেই সকলের নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *