ঝাড়গ্রামে যত্রতত্র থুতু ফেললেই গুনতে হবে জরিমানা, ১ সেপ্টেম্বর থেকে কড়া পদক্ষেপ! – বর্তমান বাংলা

ঝাড়গ্রামে যত্রতত্র থুতু ফেললেই গুনতে হবে জরিমানা, ১ সেপ্টেম্বর থেকে কড়া পদক্ষেপ! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

ঝাড়গ্রাম: শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার কড়া আইনি ও আর্থিক পদক্ষেপের পথে হাঁটল ঝাড়গ্রাম পুরসভা। আগামী ১ সেপ্টেম্বর থেকে শহরের নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও আবর্জনা ফেলা, প্রকাশ্যে থুতু ফেলা বা প্রস্রাব-মলত্যাগ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম ভাঙলে সরাসরি জরিমানা আদায় করবে পুর প্রশাসন। রবিবার পুরসভার অফিসিয়াল ফেসবুক পেজে নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

পুরসভার নির্দেশিকা অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেললে ১০০ টাকা এবং যত্রতত্র জঞ্জাল ফেলা, প্রকাশ্যে মল-প্রস্রাব করা কিংবা বেআইনি ডাম্পিংয়ের ক্ষেত্রে ২০০ টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়াও, ১২০ মাইক্রোনের নিচে যেকোনো নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে একই হারে জরিমানা ধার্য করা হবে। প্লাস্টিক বর্জন ও পরিচ্ছন্নতা রক্ষায় সচেতনতা বাড়াতে খুব শিগগিরই শহরে মাইকিং প্রচার শুরু হবে।

বর্তমানে ঝাড়গ্রামের মহকুমাশাসক অনিন্দিতা রায় চৌধুরীর প্রশাসনিক তদারকিতে পুরসভা শহর সাফাইয়ে নানা উদ্যোগ নিয়েছে। শ্রীরামপুরে পুর ও নগরোন্নয়ন দপ্তরের ৫ কোটি টাকা ব্যয়ে তৈরি ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ প্রকল্পে শহরের জঞ্জাল পুনর্ব্যবহারযোগ্য করা হচ্ছে। প্রতিদিন প্রায় ২৮৫ জন সাফাই কর্মী, নির্মল সাথী ও নির্মল বন্ধুরা বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহের কাজ করেন। তা সত্ত্বেও একশ্রেণীর নাগরিকের অসচেতনতার কারণে শহর নোংরা হচ্ছিল। সেই কারণেই এবার কড়া শাস্তির সিদ্ধান্ত নিল ঝাড়গ্রাম পুরসভা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *