মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, বিশ্বজুড়ে তেল সংকটের আতঙ্ক! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের আকাশ ফের উত্তপ্ত। ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘কিং হুসেন’ এবং ‘আল আজরাক’-এ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।
ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীর কাছে। ওয়াশিংটনের দাবি, সমুদ্রের তলায় মাইন বিছানোর প্রস্তুতি নিচ্ছিল আইআরজিসি। বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা সুনিশ্চিত করতে লারাক দ্বীপে থাকা ইরানের দুটি রকেট লঞ্চার ধ্বংস করে মার্কিন বাহিনী। রয়টার্সের খবর অনুযায়ী, আমেরিকার এই এয়ারস্ট্রাইকে একাধিক ইরানি সেনা ও সাধারণ নাগরিক হতাহত হন।
মার্কিন হানায় ক্ষুব্ধ আইআরজিসি স্পষ্ট জানিয়েছিল, হামলাকারীকে উপযুক্ত শাস্তি পেতে হবে। সেই ঘোষণার পরপরই জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানে ইরান।
টানা সাত মাসে পা রাখা ইরান-আমেরিকা সংঘাত এই ঘটনার পর আরও ভয়াবহ রূপ নিল। একে অপরের ওপর পাল্টাপাল্টি সামরিক আক্রমণের ফলে একদিকে যেমন বিশ্বজুড়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে লাফিয়ে বাড়তে পারে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম।