সৌদি-পাকিস্তান সামরিক জোটে কী যোগ দিচ্ছে বাংলাদেশ? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত ‘মক্কা ডিল’ বা ইসলামিক ন্যাটোতে বাংলাদেশের যোগদানের বিষয়ে জল্পনা তুঙ্গে উঠলেও ঢাকা সাফ জানিয়েছে, এতে অন্য দেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে না। সম্প্রতি জেদ্দা সফর ও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশ এগিয়ে চলেছে। তাঁর মতে, মুসলিম বিশ্বের এই যৌথ প্রতিরক্ষা চুক্তি নতুন সুযোগ তৈরি করছে এবং এতে যোগ দেওয়ার ক্ষেত্রে তাঁরা কোনো ঝুঁকি দেখছেন না। এর আগে বিদেশমন্ত্রী খলিলুর রহমানও একে নিজেদের পরিবারের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছিলেন।
পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে গত ৭ আগস্ট মক্কায় এই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যার শর্তানুযায়ী এক দেশের ওপর হামলা তিন দেশের ওপর আক্রমণ বলেই গণ্য হবে। এদিকে বাংলাদেশের সম্ভাব্য এই পদক্ষেপে গভীর নজর রাখছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন প্রতিটি বিষয়ের ওপর সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। তবে ঢাকা বারবার আশ্বস্ত করে জানিয়েছে, কোনো নির্দিষ্ট জোটে যুক্ত হলেও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।