দমদমে ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার কোটি টাকার সাপের মাথা
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগে শুল্ক ও বন্যপ্রাণী আধিকারিকদের যৌথ তল্লাশিতে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৫৫০টি দুর্লভ ‘স্নেক হেড ফিশ’ বা ‘চান্না বার্কা’ মাছ উদ্ধার হয়েছে। চারটি থার্মোকল বাক্সে ভরা এই মাছগুলো অ্যাকোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হিন্দোল হালদারের নামে বুকিং করা হয়েছিল। প্রতিটি মাছের বাজারমূল্য ২৫ থেকে ৬০ হাজার টাকা হওয়ায় উদ্ধার হওয়া মাছগুলোর মোট মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও বিমানবন্দর কর্তৃপক্ষের এই অভিযানে বিপুল পরিমাণ দুর্লভ মাছ বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই মাছের ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রির উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক পাচার চক্র সক্রিয় ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। এই চোরাচালান চক্রের সঙ্গে অন্য কোনো আন্তর্জাতিক চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।