১০২ গ্রাম মাদকসহ ধৃত পাচারকারী, এসটিএফের বড় সাফল্য!
রাজ্যে মাদক কারবার রুখতে বড়সড় সাফল্য পেয়েছে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিয়ালদহ এলাকায় অভিযান চালিয়ে তরিত মজুমদার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। নদিয়ার তেহট্ট থানার দেবনাথপুর গ্রামের বাসিন্দা এই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে ১০২ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (NDPS Act) ২১(বি) ও ২৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, তরিত শুধুমাত্র মাদক বহনকারী নন, বরং তিনি কোনো বড় মাদক পাচারকারী চক্রের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ।