বন্ধ জুট মিল খুলছে রাজ্যে, হাজার হাজার শ্রমিকের মুখে হাসি!
বন্ধ হওয়া ৩টি জুট মিল খোলার উদ্যোগ শ্রম দফতরের, কর্মসংস্থান সাড়ে ৭ হাজার শ্রমিকের
রাজ্যের রুগ্ণ চটকল শিল্পকে পুনরুজ্জীবিত করতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের তিনটি বন্ধ জুট মিল পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উপস্থিতিতে মিল কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বরানগর জুট মিল, জগদ্দল জুট ইন্ডাস্ট্রিজ এবং এমকো জুট মিল আগামী ২-৩ দিনের মধ্যে খুলছে। আগামীকাল কর্তৃপক্ষের তরফে নোটিশ জারি করা হবে এবং এরপর রক্ষণাবেক্ষণের কাজ সেরে ধাপে ধাপে মিলগুলোতে পুরোদমে উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। এই উদ্যোগে প্রায় সাড়ে সাত হাজার শ্রমিকের নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণের পর থেকে রাজ্যের ২০ হাজারের বেশি কর্মহীন শ্রমিকের কর্মসংস্থানের লক্ষ্যে শ্রমমন্ত্রী অর্জুন সিং প্রায় ১০টি বন্ধ চটকল পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী ১ জুলাই কাঁকিনাড়া জুট মিল এবং ৩ জুলাই থেকে নৈহাটি জুট মিল খোলার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া অ্যালায়েন্স জুট মিলের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ভারত জুট মিলের শ্রমিকদের বকেয়া মজুরি, গ্র্যাচুইটি ও পিএফ সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখার জন্য কারখানা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।