এক সপ্তাহের আল্টিমেটাম! শিয়ালদহ ও সুকান্ত সেতুর জবরদখল হঠাতে মরিয়া পুরসভা
শিয়ালদহ ও সুকান্ত সেতুর নিচের অবৈধ নির্মাণ সরাতে ৭ দিনের সময়সীমা কলকাতা পুরসভার
অবৈধ নির্মাণ ও জবরদখল উচ্ছেদে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। শিয়ালদহ বিদ্যাপতি সেতু এবং সুকান্ত সেতুর নিচে গড়ে ওঠা বেআইনি দোকান ও নির্মাণ সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাত্র সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শনিবার পুরসভার পক্ষ থেকে এই মর্মে নোটিস জারি করা হয়েছে। নোটিসে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন (১৯৮০)-এর বিধান অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শিয়ালদহ স্টেশন সংলগ্ন বাজারের পাশাপাশি সুলেখা থেকে গোপালনগর পর্যন্ত বিস্তৃত সুকান্ত সেতুর নিচের হকার্স মার্কেটটিও এই উচ্ছেদ অভিযানের আওতায় রয়েছে।
প্রসঙ্গত, শহরজুড়ে ধারাবাহিক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তপসিয়া, কসবা, পার্ক সার্কাস এবং হাওড়া-দমদম স্টেশন সংলগ্ন এলাকায় বেআইনি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ঢাকুরিয়া থেকে যাদবপুর স্টেশন পর্যন্ত এলাকায় বেআইনিভাবে বসবাসকারী প্রায় ১৫–১৬ হাজার মানুষের ঝুপড়ি ও দোতলা বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রশাসনের এই ‘বুলডোজার অ্যাকশন’ বা উচ্ছেদ অভিযান বর্তমানে শহরজুড়ে জোরদার করা হয়েছে।