‘দিদি নম্বর ওয়ান’ থেকে বহিষ্কৃত বিশ্বাসঘাতক! রচনাকে বেনজির আক্রমণ কল্যাণের
হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং আরামবাগের সাংসদ মিতালি বাগের দলবদল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার চুঁচুড়ায় তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, “উনি নাকি নিজের জন্য জিতেছেন, আসলে ওঁর কোনো দামই নেই।” কল্যাণের অভিযোগ, রচনা হুগলির ভূগোল জানেন না এবং এলাকার উন্নয়নে তাঁর কোনো ভূমিকা নেই। সাংসদ আরও দাবি করেন, তারকা পরিচিতির কারণে মানুষ রচনাকে ভিড় করে দেখত, কিন্তু এখন তিনি বিশ্বাসঘাতকতা করেছেন।
শুধুমাত্র রচনা বন্দ্যোপাধ্যায়ই নন, আরামবাগের সাংসদ মিতালি বাগের বিরুদ্ধেও তোপ দেগেছেন কল্যাণ। তিনি জানান, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিতালিকে তিনিই পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে এখন মিতালি দলবদল করে বিরোধী শিবিরে যোগ দিয়েছেন বলে অভিযোগ করেন কল্যাণ। তাঁর দাবি, মিতালি বর্তমানে কার্যত গৃহবন্দি অবস্থায় আছেন এবং এলাকায় তাঁর কোনো কর্মী নেই। এই দুই প্রাক্তন দলীয় নেত্রীর বিরুদ্ধে কল্যাণের এই কড়া মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি করেছে।