বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও শারীরিক সম্পর্কের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি মণ্ডল সভাপতি!
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত বিজেপি নেতা
হাওড়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় সহবাস এবং ব্যবসার নামে লক্ষাধিক টাকা ও গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে দক্ষিণ হাওড়া ২ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি আদিত্য সামন্তর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগী ওই মহিলা নিজেও একজন বিজেপি কর্মী। তাঁর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে আদিত্য তাঁর কাছ থেকে ব্যবসার প্রয়োজনে দুই লক্ষ টাকা ও সোনার গয়না হাতিয়ে নিয়েছেন। মহিলা দাবি করেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই অভিযুক্ত তাঁকে এড়িয়ে চলছেন এবং বিয়ের কথা তুললে হুমকি দিচ্ছেন।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দলের একাংশ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে সাঁকরাইল থানায় ভুক্তভোগী মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, অভিযুক্ত আদিত্য সামন্তের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভুক্তভোগী নারীর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। বর্তমানে পুলিশের তদন্ত প্রতিবেদনের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।