দড়িতে বেঁধে তৃণমূল নেতাকে গণধোলাই, ক্ষোভে ফুঁসছে গ্রাম!
কোচবিহারের মাথাভাঙার কেদারহাটে বিধানসভা নির্বাচনের সময় স্পিকারের কনভয়ে হামলার ঘটনায় অভিযুক্ত এক তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে বাজারে ঘোরানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। শনিবার দুপুরে কোচবিহার-১ ব্লকের ঘুঘুমারি এলাকার বাসিন্দা ফজরুল হক নামে ওই তৃণমূল নেতাকে এলাকায় দেখা মাত্রই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, নির্বাচনের আগে স্পিকার তথা বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসুর কনভয়ে হামলা, ভোটারদের হুমকি, দুর্নীতি এবং এলাকায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার নেপথ্যে এই নেতার হাত ছিল।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ওই নেতা এলাকায় আত্মগোপন করেছিলেন। শনিবার দুপুরে তাকে দেখা মাত্রই বাসিন্দারা ফজরুল হককে ধরে কোমরে দড়ি বেঁধে মারধর করেন এবং ঘুঘুমারি বাজারে ঘোরান। এ সময় তার দিকে কাঁচা ডিমও ছুড়ে মারা হয়। পরবর্তীকালে বিজেপি নেতাদের হস্তক্ষেপে তাকে বাঁধনমুক্ত করা হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।