ভাঙচুর করলেই এবার মোটা টাকা জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত করতে আসছে নতুন ‘গুণ্ডা বিল’!

রাজনৈতিক মিছিল, অবরোধ বা দাঙ্গার নামে সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুরের প্রবণতা রুখতে কঠোর আইনের পথে হাঁটছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ পেশ করা হবে। এই বিল কার্যকর হলে সম্পত্তি নষ্টের ঘটনায় অভিযুক্তদের কেবল জেলেই যেতে হবে না, বরং বাজারদরের ভিত্তিতে বড় অঙ্কের ক্ষতিপূরণও দিতে হবে।

বিলটিতে একটি বিশেষ ‘ক্লেমস কমিশন’ গঠনের প্রস্তাব রাখা হয়েছে, যা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং কার কাছ থেকে জরিমানা আদায় করা হবে, তা ঠিক করবে। এই আইনের আওতায় কেবল মাঠে থাকা কর্মীরাই নয়, বরং যারা ঘটনা উস্কে দিয়েছেন, সংগঠিত করেছেন বা আর্থিক মদত দিয়েছেন, তারাও সমানভাবে দায়ী হবেন। কমিশনের বিচারে প্রকৃত ক্ষতির পাশাপাশি দ্বিগুণ পর্যন্ত ‘দৃষ্টান্তমূলক’ ক্ষতিপূরণ ধার্য করার ক্ষমতা থাকবে। নির্দেশিত টাকা দিতে ব্যর্থ হলে সরকার তা ‘বকেয়া ভূমি রাজস্ব’ হিসেবে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করতে পারবে। এছাড়া কমিশনের রায়ই চূড়ান্ত বলে গণ্য হবে এবং এর বিরুদ্ধে কোনো আদালতে আপিল করা যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *