পাতাল থেকেও অপরাধীদের খুঁজে আনা হবে, নিহত কর্মীর পরিবারকে আশ্বাস শুভেন্দুর!

বাগনানে নিহত সমাজকর্মী প্রশান্ত দে-র বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের আশ্বস্ত করার পাশাপাশি তিনি অপরাধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্তরা যে দলের বা ধর্মেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনে পাতাল থেকেও খুঁজে বের করা হবে। এই হত্যাকাণ্ডের তদন্তভার ইতিমধ্যেই সিআইডি-র হাতে ন্যস্ত করা হয়েছে এবং এনিয়ে জেলা পুলিশ ও ১০ সদস্যের বিশেষ তদন্তকারী দলের (SIT) সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি ৪১ জন অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

নিহত প্রশান্ত দে-র পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দিয়ে তিনি আর্থিক অনুদান এবং চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে জেলা প্রশাসনের ৪ লক্ষ টাকা এবং ‘মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল’ থেকে আরও ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, নিহতের বড় মেয়ের জন্য বিডিও অফিসে চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা এবং বৃদ্ধ বাবা-মায়ের জন্য বার্ধক্য ভাতা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, অপরাধীদের আর্থিক উৎস ও ক্ষমতার দাপট ভেঙে দিতে সরকারের পক্ষ থেকে বিশেষ ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ বা সত্যানুসন্ধানের মাধ্যমে অভিযুক্তদের কোনো অবৈধ নির্মাণ বা জবরদখল থাকলে তা চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *