জুলাইয়ের শুরুতেই দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী সতর্কতা!
উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ১ জুলাই থেকে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট বাড়ার সম্ভাবনা
কলকাতা: সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তাল উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ জুন পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কোনো কোনো স্থানে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মালদা ও দিনাজপুরের জেলাগুলোতে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবিদ্যুৎপাতের সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারের কুমারগ্রামে সর্বোচ্চ ১৬ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৩০ জুন থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। ১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম ছিল; পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের বার্নপুরে ২ সেন্টিমিটার এবং দিঘা ও ডায়মন্ড হারবারে ১ সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতা বহাল থাকবে।