গ্যালাক্সি ছেড়ে নতুন ঠিকানায় সলমন খান!
দীর্ঘ পাঁচ দশক ধরে মুম্বাইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করে আসা বলিউড সুপারস্টার সালমান খান এবার কি আস্তানা বদলাচ্ছেন? সেই গুঞ্জনই এখন সিনেপাড়ায় তুঙ্গে। বান্দ্রার চিম্বাই এলাকায় একটি সমুদ্রমুখী ছ’তলা ভবন নির্মাণের সরকারি অনুমোদন পাওয়ার পরই অভিনেতার বাসস্থান পরিবর্তনের এই আলোচনা জোরদার হয়েছে। মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (MCZMA) গত ১৬ জুন সালমান খানের মা সালমা খানের নামে নিবন্ধিত জমিতে এই ভবন নির্মাণের অনুমতি দিয়েছে। সচ ডেভেলপার্সের তত্ত্বাবধানে নির্মিতব্য এই ভবনটিতে গ্রাউন্ড ফ্লোর ও পার্কিং ছাড়াও থাকছে ছয়টি তলা।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বিষ্ণোই গ্যাংয়ের গুলিচালনার ঘটনার পর থেকেই সালমানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। নতুন এই বাড়িটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরের দিকে হওয়ায় সেখানে ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা সহজ হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিনের আইনি জটিলতা, গ্যাংস্টারের হুমকি এবং শারীরিক অসুস্থতাসহ বহুমুখী চাপের মাঝেই অভিনেতার এই নতুন আবাসনের অনুমোদনের খবরটি সামনে এল। বর্তমানে হরিণ হত্যা সংক্রান্ত একটি চলচ্চিত্রের বিরুদ্ধে চলমান আইনি লড়াইয়ের পরবর্তী শুনানি আগামী ১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।