ভয়ংকর তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, মৃত দুই শতাধিক!
তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের জনজীবন। ফ্রান্স, স্পেন, ব্রিটেন, জার্মানি, পর্তুগাল ও ইতালিসহ মহাদেশটির অধিকাংশ দেশে তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এই চরম আবহাওয়ার কারণে এখন পর্যন্ত স্পেনে অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে এবং ফ্রান্সে শিশুসহ প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ। এছাড়া জার্মানিতে আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত দেশগুলোতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফ্রান্সে তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে এবং প্যারিসসহ বিভিন্ন অঞ্চলে তা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এর পরিপ্রেক্ষিতে ফ্রান্সে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ব্রিটেনে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে এবং শীঘ্রই তা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং উচ্চচাপ বলয় তৈরির কারণে সৃষ্ট এই দাবদাহে কৃষি খাতের ক্ষতি, বিদ্যুৎ ও পানির তীব্র সংকট এবং বনাঞ্চলে দাবানলের ঝুঁকি দেখা দিয়েছে।