তারাতলা বিপর্যয়ে ফিরহাদ হাকিমসহ দুই প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে এফআইআর!
কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে ১৬ জনের মৃত্যুর ঘটনায় এবার সরাসরি প্রাক্তন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেল (বিজেএমসি)। শনিবার তারাতলা থানায় দায়ের করা এই অভিযোগে ফিরহাদ হাকিমের পাশাপাশি কলকাতা পুরসভার ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সামস ইকবালের নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং বেআইনি নির্মাণের ফলেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। তদন্তে গাফিলতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ তুলে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিজেএমসি।
প্রসঙ্গত, এর আগে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, গোডাউনটির নকশা ত্রুটিপূর্ণ থাকা সত্ত্বেও তৎকালীন মেয়র হিসেবে ফিরহাদ হাকিম তাতে সই করেছিলেন। বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও একই বিষয়ে প্রশ্ন তুলেছেন যে, যাঁর নোটে সই ছিল, সেই মন্ত্রীকে কেন তদন্তের আওতায় আনা হবে না। যদিও এ বিষয়ে ফিরহাদ হাকিমের দাবি, বিল্ডিং প্ল্যান অনুমোদনে মেয়রের কোনো সরাসরি এক্তিয়ার বা ভূমিকা থাকে না, এই দায়িত্ব বিল্ডিং বিভাগের। এদিকে, এই ঘটনায় ইতিপূর্বে প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন পুলিশ এই অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যায়, সেদিকেই নজর রয়েছে সকলের।