জুলাইয়েই রাজ্য সরকারি কর্মীদের জন্য জোড়া ছুটির দারুণ সুখবর!
আগামী জুলাই মাসের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুই দিন বিশেষ ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে সরকারি অফিসগুলোতে অর্ধদিবস ছুটি থাকবে এবং বেলা দুটোর পর সমস্ত দফতর বন্ধ থাকবে। পাশাপাশি, আগামী ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এ দিন তাঁর স্মরণে ১২৫ ফুটের একটি মূর্তিও স্থাপন করা হবে।
ছুটির ঘোষণার পাশাপাশি, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্কুলশিক্ষা দফতর আগামী ১৫ দিন ‘ড. শ্যামাপ্রসাদ পক্ষ’ পালনের উদ্যোগ নিয়েছে। এই সময়ে রাজ্যের স্কুলগুলোতে তাঁর জীবনীর ওপর আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পোস্টার তৈরির মতো শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজিত হবে। তবে স্কুলশিক্ষা দফতরের এই কর্মসূচি নিয়ে রাজ্য রাজনীতিতে মতপার্থক্য তৈরি হয়েছে। বিরোধী দলগুলো এই পদক্ষেপের সমালোচনা করলেও শাসক দল এই উদ্যোগটিকে স্বাধীনতার পর ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান সঠিকভাবে প্রচারের জন্য প্রয়োজনীয় বলে অভিহিত করেছে।