মাঝরাতে পুলিশের জালে বন্ধু পলাশ, তবে কোথায় বেপাত্তা সুমিত রায়?

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক আপ্তসহায়ক সুমিত রায়ের খোঁজে তল্লাশি জোরদার করেছে পুলিশ ও সিআইডি। এই তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে হুগলির ব্যান্ডেলের বাসিন্দা পলাশ চক্রবর্তীকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, একটি সাদা গাড়িতে আসা পাঁচজন পুলিশকর্মী তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছেন। তবে কোন সুনির্দিষ্ট কারণে বা কোন থানা থেকে পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।

পলাশ চক্রবর্তীর সাথে সুমিত রায় ছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শাসকদলের সক্রিয় কর্মী এবং শ্রীরামপুর কলেজের প্রাক্তন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পলাশ মূলত রত্ন ও পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত। এদিকে, জমি জালিয়াতি ও তোলাবাজির মূল অভিযুক্ত সুমিত রায় পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়েছে এবং সম্প্রতি আদালতে তাঁর আগাম জামিনের আবেদনও খারিজ হয়ে গেছে। তদন্তকারীদের ধারণা, পলাশকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সুমিত রায়ের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে, যা তদন্তে নতুন গতি আনতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *