কালীঘাটে লাইনে ঝাঁপ, মেট্রো বিভ্রাটে চরম ভোগান্তি!

শনিবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ কালীঘাট মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে এক ব্যক্তি ঝাঁপ দিলে ব্লু লাইনের পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। এই আকস্মিক ঘটনায় মেট্রো লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ শুরু করা হয়। এই ঘটনার জেরে মহানায়ক উত্তম কুমার থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল কিছু সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে মেট্রো কর্তৃপক্ষ ট্রেনের রুট পরিবর্তন করে মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালু রাখে। সকাল ৭টা ৪৪ মিনিট নাগাদ উদ্ধারকাজ শেষ হলে পুনরায় সমগ্র লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়।

স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে স্থায়ী স্ক্রিন ডোর না থাকায় এই ধরনের ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ উঠেছে। গার্ডরেল থাকলেও শনিবারের ঘটনায় সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া, শনিবার অফিসমুখী যাত্রীদের ভিড়ের মধ্যে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেকে গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রো বাদ দিয়ে বাসসহ বিকল্প পরিবহণের সাহায্য নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *