ধর্ম বদলালেই মিলবে না ওবিসি সংরক্ষণ, বড় রায় মাদ্রাজ হাই কোর্টের!
ধর্ম পরিবর্তনের মাধ্যমে অনগ্রসর শ্রেণির (ওবিসি) সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। তামিলনাড়ু রাজ্য সরকারের একটি বিতর্কিত নির্দেশিকা খারিজ করে বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি পি বি বালাজির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কোনো হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলেই তাঁকে অনগ্রসর মুসলিম হিসেবে গণ্য করা অসাংবিধানিক।
তামিলনাড়ু সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল, অনগ্রসর হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করলে তাঁদের অনগ্রসর মুসলিমদের তালিকায় অন্তর্ভুক্ত করে ওবিসি সংরক্ষণের সুবিধা দেওয়া হবে। আদালত এই নির্দেশিকাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে স্পষ্ট করেছে যে, অনগ্রসর হিন্দু সম্প্রদায় থেকে কেউ মুসলিম হলে তিনি কেবলই মুসলিম হিসেবে গণ্য হবেন, অনগ্রসর মুসলিম হিসেবে নয়। তামিলনাড়ুতে কেবল সাতটি নির্দিষ্ট মুসলিম সম্প্রদায় ওবিসি সংরক্ষণের আওতায় রয়েছে এবং ধর্মান্তরিত ব্যক্তিরা এসব নির্দিষ্ট সম্প্রদায়ের অংশ হতে পারেন না। রায়ে আরও বলা হয়েছে যে, কেবল ধর্ম পরিবর্তনের মাধ্যমে সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতার আইনি মাপকাঠি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে পারে না।