বেজিংয়ে ভয়াবহ বিমান হামলা! সিটিক টাওয়ারে আছড়ে পড়ল বিমান, মৃতদের খোঁজ চলছে
চীনের রাজধানী বেজিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বহুতল ‘চায়না জুন’ বা সিটিক টাওয়ারে একটি ছোট বিমান আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে ১,৭০০ ফুট উঁচু এই বহুতলে ঘটনাটি ঘটে। বিধ্বস্ত বিমানটি ছিল ‘সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা’ মডেলের একটি হালকা বিমান, যা বেজিংয়ের শিফোসি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। সংঘর্ষের ফলে ১০৯ তলা বিশিষ্ট এই টাওয়ারের বাইরের দিকের কাচ ও কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমানের ধ্বংসাবশেষ নিচে ছড়িয়ে পড়েছে।
দুর্ঘটনার সময় বিমানটিতে পাইলট একাই ছিলেন বলে জানা গেছে, তবে তার বর্তমান অবস্থা বা ভবনে থাকা ব্যক্তিদের হতাহতের বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার পরপরই পুরো ভবনটি খালি করে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চিনা প্রশাসন ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তথ্যানুযায়ী, এটি কোনো নাশকতামূলক ঘটনা নয় বরং একটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। বিমানটির যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের ভুল— ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।