শোভনের পিএসও-র জামিন খারিজ, ২২ দিনেই চার্জশিট পেশ!

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) সঞ্জু শর্মার বিরুদ্ধে এক মহিলা ও তাঁর নাবালিকা কন্যাকে হেনস্থার ঘটনায় দ্রুত চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনার মাত্র ২২ দিনের মাথায় তদন্ত শেষ করে এই চার্জশিট আদালতে পেশ করা হয়েছে। একই সঙ্গে, অভিযুক্ত সঞ্জু শর্মার জামিনের আবেদন খারিজ করে তাঁকে ৮ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

গত ১ জুন শোভন চট্টোপাধ্যায়ের বাসভবনে এই হেনস্থার ঘটনাটি ঘটে। অভিযোগ, মদ্যপ অবস্থায় সঞ্জু শর্মা সেখানে চড়াও হয়ে ওই মহিলা ও তাঁর নাবালিকা কন্যাকে হেনস্থা করেন এবং বাধা দিতে গেলে অন্য কর্মীদের মারধর করেন। শনিবার আলিপুর আদালতে শুনানির সময় অভিযুক্তের আইনজীবী জামিনের আর্জি জানালেও সরকারি কৌঁসুলি ও নির্যাতিতার আইনজীবী তার তীব্র বিরোধিতা করেন। সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কার কথা বিবেচনা করে বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন। এখন মামলার পরবর্তী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট সব পক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *