বিরিয়ানিতে বিষের আতঙ্ক, বনগাঁর হোটেল সিল করল খাদ্য দপ্তর!
খাবারের মান নিয়ে অভিযোগ: বনগাঁয় হোটেল ও রেস্তোরাঁয় প্রশাসনের অভিযান, এক দোকান সিল
খাবারের নিম্নমান ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে বনগাঁর বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় যৌথ অভিযান চালিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর, পৌরসভা ও পুলিশ প্রশাসন। চাকদহ রোড ও যশোর রোড সংলগ্ন এলাকায় চালানো এই অভিযানে ছয়টি দোকানের খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মতিগঞ্জ এলাকার একটি বিরিয়ানির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রশাসন তৎক্ষণাৎ দোকানটি সিল করে দিয়েছে।
দীর্ঘদিন ধরেই বিরিয়ানির দোকানে বাসি খাবার পরিবেশন এবং স্বাদ ও রঙ বাড়াতে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের অভিযোগ উঠছিল। সাধারণ মানুষের অভিযোগ এবং বিজেপির কালচারাল সেলের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান দিলীপ মজুমদার জানিয়েছেন, জনস্বাস্থ্যের বিষয়ে কোনো প্রকার আপস করা হবে না এবং শহরের অন্যান্য হোটেলগুলোতেও এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।