তৃণমূল উপপ্রধানের গ্রেফতারি ঘিরে ধুন্ধুমার, পুলিশের সামনেই চলল ডিম-বর্ষণ!
ক্যানিংয়ে ধৃত তৃণমূল উপপ্রধানকে লক্ষ্য করে বিক্ষোভ, থানায় এলাকায় তুমুল উত্তেজনা
আগ্নেয়াস্ত্রসহ কলকাতা থেকে গ্রেপ্তার হওয়ার পর দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা চত্বরে প্রবল জনরোষের মুখে পড়লেন ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দার। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। শুক্রবার ধৃতকে আদালতে নিয়ে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। ইন্দ্রজিৎ সর্দারকে পুলিশের জিপে তোলার সময় উপস্থিত জনতা ‘চোর-চোর’ স্লোগান দিয়ে গাড়ির দিকে কাঁচা ডিম ছুড়তে শুরু করেন। বিক্ষোভের মুখে পরিস্থিতি সামলাতে পুলিশকে বেগ পেতে হয়।
ইন্দ্রজিৎ সর্দারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি, কাটমানি আদায়, প্রভাবশালী দাপট বা ‘দাদাগিরি’, সাধারণ মানুষকে মারধর এবং বেআইনি অস্ত্র মজুতের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তাঁর নাম জড়ানোর পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন এলাকাবাসী। বর্তমানে অস্ত্র আইনের পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা পুরোনো অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যানিং এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।