‘আবার এলে ফল ভালো হবে না!’ পুলিশকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শঙ্কর ঘোষের
শিলিগুড়ির আশিঘর পুলিশ ফাঁড়িতে ঢুকে স্থানীয় জমি ও বালি মাফিয়াদের দাপট এবং পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শুক্রবার বাজেট অধিবেশন শেষে এলাকায় ফিরে ডাবগ্রাম-ফুলবাড়ির পরিস্থিতি পর্যবেক্ষণকালে মন্ত্রী অভিযোগ পান যে, এলাকায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে অসামাজিক কাজকর্ম ও তোলাবাজি চললেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। এই পরিস্থিতিতে সরাসরি ফাঁড়িতে উপস্থিত হয়ে মন্ত্রী আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দুর্নীতি নিয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে হবে।
এলাকা পরিদর্শন শেষে শঙ্কর ঘোষ জানান, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সঙ্গে আলোচনার ভিত্তিতে পুজোর আগেই ডাবগ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির সংস্কার কাজ শুরু করার বিষয়েও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।