মেয়ের কান্নায় তিতিবিরক্ত মা, ৬ মাসের শিশুকে গলা কেটে হত্যা!
বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ার গোপালপুর থানা এলাকার বারকা গ্রামে নিজের ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুনের অভিযোগ উঠল এক মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে কান্নাকাটি করাকে কেন্দ্র করে নিজের একরত্তি মেয়ের ওপর মেজাজ হারিয়ে সীমা দেবী নামের ওই নারী কাস্তে দিয়ে তার গলা কেটে ফেলেন বলে অভিযোগ। ঘটনার পর ওই নারী নিজেও কাস্তে দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেন।
নিহত শিশুর ঠাকুমা সরস্বতী দেবী চিৎকার শুনে ঘরে ঢুকে দেখেন, নাতনির নিথর দেহ মাটিতে পড়ে আছে। প্রতিবেশীরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ শিশুকন্যার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত মা সীমা দেবীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। গোপালপুর থানার এসএইচও অঙ্কিত কুমার জানান, এ ঘটনায় নিহত শিশুর ঠাকুমার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।