কেতন হত্যা মামলায় এবার নামছেন কাসবকে ফাঁসি দেওয়া সেই দুর্ধর্ষ আইনজীবী!

মহারাষ্ট্রের পুনেতে কেতন আগরওয়াল হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি ও দোষীদের কঠোর শাস্তির লক্ষ্যে প্রবীণ আইনজীবী উজ্জ্বল নিকামকে বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২৬/১১ মুম্বই হামলা মামলার এই অভিজ্ঞ আইনজীবীর নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। নিহতের বাবা বিশাল আগরওয়ালের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী এই মামলাটি দ্রুত বিচার আদালত বা ফাস্ট-ট্র্যাক আদালতে পরিচালনার আবেদন গ্রহণ করেছেন এবং আইন ও বিচার বিভাগের সচিবকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। আইনজীবী উজ্জ্বল নিকামও এই দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন।

তদন্তকারী পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ জুন পুনের লোহাগড় দুর্গে ঘুরতে গিয়ে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ২৫ বছর বয়সি কেতন আগরওয়ালকে হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত নিহতের বাগদত্তা সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী। তদন্তে উঠে এসেছে, আগামী নভেম্বরে নিহতের সঙ্গে সিয়ার বিয়ের কথা থাকলেও তিনি তাতে রাজি ছিলেন না। এই বিয়ে এড়াতেই অভিযুক্তরা সুপরিকল্পিতভাবে কেতনকে পাহাড় থেকে ফেলে হত্যার ছক কষেছিলেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই মৃত্যুকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক হিসেবে বর্ণনা করেছেন এবং তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *