তারাতলা বিপর্যয়ের পরেই বড় সিদ্ধান্ত, ৩ পুর এলাকায় হাইরাইজ অডিটের নির্দেশ মুখ্যমন্ত্রীর!
রাজ্যে বহুতল ও বাণিজ্যিক ভবনে ‘স্পেশাল অডিট’, নতুন নির্দেশিকা জারি প্রশাসনের
তারাতলায় বহুতল বিপর্যয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের নির্মাণ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যালোচনায় বড় সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকে রাজ্যের হাইরাইজ ও বাণিজ্যিক ভবনগুলোতে ‘স্পেশাল অডিট’ করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার পাশাপাশি রাজারহাট-নিউ টাউন, সোনারপুর, বজবজ এবং নতুন করে দক্ষিণ দমদম, বরাহনগর ও কামারহাটি এলাকাকেও এই বিশেষ অডিটের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অডিটের মাধ্যমে প্রতিটি বহুতলের নকশা খতিয়ে দেখা হবে।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ‘জি প্লাস ফাইভ’ (G+5) বা তার চেয়ে বেশি উঁচু ভবনকেই এবার ‘হাইরাইজ’ হিসেবে গণ্য করা হবে। কলকাতার নির্মীয়মাণ ভবনগুলোর অডিট আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া, পরবর্তী ৯০ দিনের মধ্যে সব হাইরাইজ ভবনে ‘ফায়ার অ্যান্ড লাইটনিং অ্যারেস্টার’ অডিট বাধ্যতামূলক করা হয়েছে। অডিট রিপোর্টে কোনো ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের নির্দেশ দেওয়া হবে এবং সংশোধনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ভবনের আবেদন বাতিল হতে পারে। তবে সাধারণ আবাসনের সংস্কার কাজ এই অডিটের আওতায় পড়বে না।