বন্ধ চিনি কলে বিশাল প্রতিরক্ষা হাব, স্বপ্ন দেখছে বীরভূম!
রাজ্যের নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বীরভূমের সাঁইথিয়া ব্লকে একটি অত্যাধুনিক ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব বা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের কেন্দ্র গড়ার ঘোষণা করা হয়েছে। সাঁইথিয়ার দীর্ঘদিনের পরিত্যক্ত আমোদপুর চিনি কলের জমিতে এই শিল্প প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর ফলে রাজ্যের পশ্চিমাঞ্চলে প্রতিরক্ষা শিল্পকে ঘিরে একটি নতুন শিল্প বলয় তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।
দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা এই সরকারি জমি ও বিদ্যমান পরিকাঠামোকে কাজে লাগানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের ভৌগোলিক অবস্থান অত্যন্ত সুবিধাজনক হওয়ায় আহমেদপুর ও সাঁইথিয়া রেলপথ এবং পানাগড় ও দুর্গাপুর শিল্পাঞ্চলের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকায় কাঁচামাল ও পণ্য পরিবহণ সহজ হবে। সরকারি জমি হওয়ায় নতুন করে জমি অধিগ্রহণের কোনো জটিলতাও নেই।
এই প্রতিরক্ষা হাবকে কেন্দ্র করে বড় কারখানার পাশাপাশি অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে ওঠার সুযোগ রয়েছে, যা স্থানীয় পর্যায়ে বিপুল সংখ্যক কর্মসংস্থান তৈরি করবে। কারখানার পাশাপাশি স্থানীয় ব্যবসা, পরিষেবা ও পরিবহণ ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার ফলে গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। যদিও প্রকল্পের বিস্তারিত রূপরেখা বা সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশিত হয়নি, তবুও এই নতুন শিল্প প্রকল্প ঘিরে বীরভূম জুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।