রামমন্দিরে রক্ষকই ভক্ষক, বিপুল অনুদান চুরির দায়ে গ্রেপ্তার ৮ কর্মী!

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া বিপুল পরিমাণ অনুদান ও প্রণামীর অর্থ আত্মসাতের অভিযোগে আটজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মন্দিরে জমা পড়া ৩ হাজার ৫০০ কোটি টাকারও বেশি নগদ অর্থ এবং মূল্যবান সোনা-রুপোর গয়নার একটি বড় অংশের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় জড়িত অভিযোগে মন্দির ব্যবস্থাপনার সাথে যুক্ত আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে প্রশাসন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের প্রাক্তন গাড়িচালক টিন্নু যাদব, অনুদান গোনার দায়িত্বে থাকা রমাশংকর মিশ্র, তাঁর ছেলে অনুকল্প ও জামাই লবকুশ মিশ্র রয়েছেন। লবকুশের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বড় অঙ্কের অর্থ। এছাড়া আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগে ও জাল রসিদ তৈরির দায়ে অবিনাশ শুক্লা, মণীশ যাদব, প্রাক্তন ব্যাঙ্ককর্মী সুভাষ শ্রীবাস্তব ও করুণেশ পাণ্ডেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, নগদ ও গয়নার পাশাপাশি মন্দিরে দান হিসেবে পাওয়া একটি রুপোর ভূষণ্ডির কাকও নিখোঁজ রয়েছে।

সিটের তদন্তে মন্দিরের আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের গাফিলতি ও স্বচ্ছতার অভাব ধরা পড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমান ব্যবস্থাপনায় বিশ্ব হিন্দু পরিষদের একাংশের প্রবল প্রভাব রয়েছে এবং ট্রাস্ট প্রধান চম্পত রাইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সনাতন মূল্যবোধের সাথে আপস করা হবে না এবং তদন্ত রিপোর্টের ভিত্তিতে সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *