যুদ্ধ পরিস্থিতির মাঝেই গলছে বরফ, ভারত-পাক গোপন বৈঠক নিয়ে তোলপাড়!
দীর্ঘদিনের সামরিক উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের মাঝে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার বন্ধ দরজা খোলার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি কলম্বো এবং ব্যাংককে দুই দেশের প্রাক্তন কূটনীতিক, সাবেক সেনাকর্তা ও বিশিষ্টজনদের উপস্থিতিতে অনানুষ্ঠানিক বা ‘ট্র্যাক-টু’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারিভাবে দুই পক্ষ এই আলোচনার কথা স্বীকার না করলেও, সীমান্ত বিরোধ ও জঙ্গি তৎপরতার মতো স্পর্শকাতর বিষয় এড়িয়ে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপায় খুঁজতেই মূলত এই গোপন উদ্যোগ নেওয়া হয়েছে।
এই আলোচনার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। এশিয়া অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবিলায় ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা চায়। একইসঙ্গে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শীর্ষ নেতৃত্বও দুই দেশের সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধনের পক্ষে অবস্থান নিয়েছেন। সঙ্ঘপ্রধান মোহন ভাগবত ও উপপ্রধান দত্তাত্রেয় হোসাবালের মতে, পাকিস্তানের সেনাবাহিনী ও জনপ্রশাসনের মধ্যে পার্থক্য করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা দীর্ঘমেয়াদী শান্তির স্বার্থে জরুরি। ২০১৮ সালে সার্ক সম্মেলন বয়কট ও পরবর্তীতে সামরিক উত্তেজনার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে থাকলেও, বর্তমান ভূ-রাজনৈতিক সমীকরণের কারণে ফের আলোচনার পথ উন্মুক্ত হচ্ছে।