৫০ লক্ষ টাকার তোলাবাজি ও হুমকি! তৃণমূল নেতার আত্মহত্যায় গ্রেপ্তার ৩ বিজেপি কর্মী
পূর্ব বর্ধমানের বর্ধমানে তৃণমূল নেতা স্বরূপ রানার আত্মহত্যার ঘটনায় তিন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। ধৃতদের নাম কানাইলাল খাঁ, লক্ষ্মীরাম হাঁসদা ও শ্যামল হাজরা। তোলাবাজি, শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির জেরে তৃণমূল নেতা বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ স্বরূপ রানার ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বুধবার অভিযুক্তদের গ্রেপ্তার করে।
অভিযোগ অনুযায়ী, গত ২১ জুন অভিযুক্তরা স্বরূপ রানার বাড়িতে চড়াও হয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। পরদিন ২২ জুন তাঁকে স্থানীয় একটি আড়তে ডেকে নিয়ে ৫০ লক্ষ টাকা তোলা দাবি করা হয় এবং টাকা না দিলে স্ত্রী ও কন্যাকে খুনের হুমকি দেওয়া হয়। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে ২৩ জুন স্বরূপ রানা বিষপান করেন এবং পরবর্তীতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, তোলাবাজিসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজ তাঁদের আদালতে হাজির করানো হয়েছে।