দীর্ঘ ২ বছর পর সুখবর, বাংলাদেশিদের জন্য খুলল ভারতের ট্যুরিস্ট ভিসা!

দীর্ঘ দুই বছরের অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ‘ট্যুরিস্ট ভিসা’ বা পর্যটন ভিসা পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে ভারত। ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) পরিদর্শনের সময় এই তথ্য জানান। আগামী ২৮ জুন থেকে ঢাকার মূল কেন্দ্রসহ বাংলাদেশের পাঁচটি ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। ২০২৪ সালের আগস্ট মাসে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা বিবেচনায় ভারত এই পরিষেবা দীর্ঘ সময় বন্ধ রেখেছিল।

দায়িত্ব গ্রহণের দিনই এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি ভারত-বাংলাদেশ সম্পর্কের স্বাভাবিকীকরণে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। বিদায়ী হাইকমিশনার প্রণয় কুমার বর্মার স্থলাভিষিক্ত হওয়ার পর এটিই ছিল তার প্রথম বড় কূটনৈতিক ঘোষণা। ভিসা পরিষেবা পুনরায় চালু হওয়ায় দুই দেশের পর্যটন ও ব্যবসা-বাণিজ্য চাঙ্গা হওয়া এবং সাধারণ মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘবের সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *