আঙুলের ছাপেই উধাও ২ কোটি! মালদায় ব্যাঙ্কের অভিনব প্রতারণা।

মালদার ইংরেজবাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামে পাসবই আপডেট করার অছিলায় গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে প্রায় দু’কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। গ্রামটিতে সত্যজিৎ লালা নামে এক ব্যক্তির খোলা ব্যাঙ্কিং সেবাকেন্দ্রের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে। প্রতারক চক্রটি পাসবই আপডেটের কথা বলে ডিজিটাল গ্যাজেটে গ্রাহকদের আঙুলের ছাপ নিত এবং পরবর্তীতে ‘লিঙ্ক ফেলিওর’-এর অজুহাত দেখিয়ে তাঁদের ফিরিয়ে দিত। এই সুযোগে গ্রাহকদের অজান্তেই ডিজিটাল মাধ্যমে তাঁদের অ্যাকাউন্ট থেকে বড় অংকের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে।

বুধবার সেবাকেন্দ্রে তালা ঝোলার বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা মূল ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন, হাজারখানেক গ্রাহকের অ্যাকাউন্ট প্রায় সম্পূর্ণ খালি হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, অনেকের অ্যাকাউন্ট থেকে ৫ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত উধাও হয়েছে। ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার প্রবীণ কুমার জানান, প্রাথমিক তদন্তে সফটওয়্যার ব্যবহার করে জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয়েছে। ইতিমধ্যে মূল অভিযুক্ত সত্যজিৎ পলাতক রয়েছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *